ঢাকার সাভারে দিনদুপুরে অস্ত্র ঠেকিয়ে ২২ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক ব্যক্তি। তবে ছিনতাইয়েরর ঘটনাটি সাজানো বলে ধারণা করছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনী মাদ্রাসা মসজিদের সামনে ছিনতাইয়ের কবলে পড়েন বলে জানান ঢাকার কেরানিগঞ্জ উপজেলার হোগলাকান্দি গ্রামের হাবিবুর রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, বোন রোকেয়া আক্তারের জন্য সাভারে সাড়ে ৫ শতাংশ জমির ক্রয় করতে বাজার বাসস্ট্যান্ডের ইসলামী ব্যাংক থেকে ২২ লাখ টাকা উত্তোলন করেন তিনি।
“টাকা নিয়ে রেজিস্ট্রি অফিসে যাওয়ার সময় দুটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। পরে তারা পিস্তল ও রামদা ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়।”
ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার (এএসপি) রাসেল শেখ বলেন, বোনের জন্য জমি কিনতে দুই ভাই হাবিবুর রহমান ও সাইদুর রহমান জমির মালিকের সঙ্গে ৪৩ লাখ ৪৫ হাজার টাকার চুক্তি করেন, অথচ বোনকে তারা জমির মূল্য ৫০ লাখ টাকা বলে জানান।
“ব্যাংক থেকে তুলে বড় ভাই হাবিবুর রহমান দলিল লেখক মোস্তফা কামালের সঙ্গে মোটরাইকেলে করে রেজিস্ট্রি অফিসে যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নিয়েছে বলে দাবি হাবিবুরের।”
এএসপি রাসেল আরও বলেন, “বিষয়টি আমরা তদন্ত করছি। সকলকেই জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের পরেই প্রকৃত ঘটনা জানা যাবে।”
এমআর





