জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলে র্যাগিংয়ের শিকার হয়ে অসুস্থ হয়ে পড়েছেন প্রথম বর্ষের এক শিক্ষার্থী। রবিবার রাত সাড়ে ১০টার দিকে হলের গণরুমে এ ঘটনা ঘটে।
অসুস্থ হয়ে পড়া রসায়ন বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী শরীফুল ইসলাম অনিককে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র থেকে চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা গেছে, রবিবার রাতে কয়েকজন সিনিয়র শিক্ষার্থী হলের গণরুমে প্রবেশ করে প্রথমবর্ষের শতাধিক শিক্ষার্থীকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন শরীফুল ইসলাম। পরে তার সহপাঠীরা তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান।
এ বিষয়ে মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডা. শাহ মো. এজাজুল হক বলেন, ‘সাইনোসাইটিসের সমস্যা থাকায় অনিক অসুস্থ হয়ে পড়েছেন।’
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক শরিফুলের কয়েকজন সহপাঠী জানান, গণরুমে র্যাগ চলাকালীন সময়েই শরিফুল অসুস্থ হয়ে পড়েন।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয় নি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, ‘বিষয়টি জেনেছি। আমাদের প্রক্টোরিয়াল টিমের সদস্যরা বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।’
এমই





