রাজধানীর পৃথক দু'টি স্থান থেকে চারজনের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ বলছে, গণপিটুনিতে তারা নিহত হয়েছে।

রোববার রাত ১টার দিকে মিরপুরের কাজীপাড়া ও টেকনিক্যাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে বলে জানা গেছে।

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজ জানান, রাতে থানায় টিঅ্যান্ডটি নম্বরে ফোন আসে। জানানো হয়, কাজীপাড়া এলাকায় পেট্রলবোমাসহ তিনজনকে আটক করেছে এলাকাবাসী।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। ঢামেকের জরুরি বিভাগের চিকিৎসক তাদের তিনজনইকেই মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, ধারণা করা হচ্ছে এরা সবাই নাশকতাকারী। তাদের শরীরে কোনো আঘাত বা গুলির কোনো চিহ্ন রয়েছে কিনা তা সুরতহালের প্রতিবেদনের পর জানা যাবে।

তবে হাসপাতাল সূত্র জানিয়েছে তিনজনের শরীরেই গুলির চিহ্ন রয়েছে।

অন্যদিকে মিরপুর টেকনিক্যাল ওভার ব্রিজের নিচ থেকে গুলিবিদ্ধ অবস্থায় আরেক যুবককে উদ্ধার করে ঢমেকে নিয়ে যায় পুলিশ। পরে সেখানে নেয়ার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মিরপুর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, রাত ১টার দিকে মিরপুর থানাধীন টেকনিক্যাল ওভার ব্রিজের নিচে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবক পড়ে রয়েছে- এমন খবর পায়। পরে পুলিশের একটি টহলদল ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়।

ঢামেক জরুরি বিভাগের চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি ওই এসআই।

এআর