ফরিদপুর সদর উপজেলার শিবরামপুর আরডি একাডেমি স্কুলের সপ্তম শ্রেণির অন্তত ৩৭ ছাত্রী গণঅসুস্থ হয়ে পড়েছে।

চিকিৎসকরা বলছেন, খাদ্যে বিষক্রিয়া থেকে তারা আক্রান্ত হয়ে থাকতে পারে। যদিও অসুস্থদের দাবি, একই খাবার বা বিশেষ কোনো খাবার শিক্ষার্থীরা একসঙ্গে গ্রহণ করেনি।

আক্রান্তদের স্কুলের ক্লাস শিক্ষিকা জান্নাত আরা বানি জানান, দুপুর দুইটায় মধ্য বিরতির (টিফিন) পর পুনরায় ক্লাস শুরু হলে ক্লাস চলাকালে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণের মধ্যে একে একে ওই ক্লাসের ছাত্রীরা অসুস্থ হয়ে পড়তে থাকে।

এদিকে পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিক স্কুল বন্ধ ঘোষণা করা হলে ছাত্রীরা বাড়ি যাওয়ার চেষ্টা করলে অনেকে পথেই আক্রান্ত হয়। স্থানীয়রা তাদের মধ্যে গুরুতর অসুস্থদের দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

আক্রান্তরা জানান, তারা মাথা ব্যথা, মাথা ঘোরা, বমি বমি ভাব, অস্থির লাগাসহ নানা উপসর্গ হয়ে অসুস্থ হয়ে পড়ে।

কর্তব্যরত ইন্টার্নি চিকিৎসক ডা. শাওন জানান, প্রাথমিকভাবে তাদের উপসর্গ অনুযায়ী চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

ফমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গণপতি বিশ্বাস শুভ জানান, প্রাথমিকভাবে এটি গণ হিস্টিরিয়া বলে মনে হচ্ছে। এ জাতীয় রোগে আক্রান্তরা মানসিক চাপের কারণে অন্যের দেখাদেখি আক্রান্ত হয়ে থাকতে পারে।

এসএইচ