কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে জসিম আহমেদ (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার ভোর পৌনে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম আহমেদ বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার গ্রামের কাজী খলিলুর রহমাননের ছেলে।
আহতদের মধ্যে একই উপজেলার ইছাপুর গ্রামের ফয়েজ আহমেদের নাম পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এ এস আই) নাজিম উদ্দিন জানান, কুমিল্লা থেকে ছেড়ে আসা ঢাকাগামী প্রাইভেটকারটি চান্দিনা উপজেলা গেট সংলগ্ন রোড ডাইভার্ট ক্রসিং এলাকায় বিপরীত দিক থেকে আসা কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে প্রাইভেটকারটি দুমুরে-মুচরে যায় এবং ঘটনাস্থলে চালকের আসনে থাকা গাড়ির মালিক জসিম মারা যান।
গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের তিন আরোহীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এমকে





