যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে পালানোর অভিযোগে বেনাপোল পোর্টথানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিককে আসামি করে মামলা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে মামলাটি রেকর্ড করা হয়। এএসআই রফিক নড়াইলের তেরখাদা গ্রামের মৃত হেমায়েত উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, পোর্ট থানার পুলিশের এএসআই রফিকসহ ও পুলিশের অপর দুই সদস্য সোমবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টায় বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সামনে থেকে ১৩টি সোনার বারসহ রেজাউলকে (৩০) আটক করে।

রেজাউল উত্তর রঘুনাথপুর গ্রামের সাইদুর মল্লিকের ছেলে। তাকে আটক করে থানায় নিয়ে আসেন এএসআই রফিক। আসামীকে থানায় জমা দেয়ার শেষে সন্ধ্যার পর থেকে এএসআই রফিককে আর পাওয়া যাচ্ছিলো না।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, জব্দ করা ১৩টি সোনার বার নিয়ে এএসআই রফিক পালিয়েছেন। সোমবার সন্ধ্যা থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছে না।

তার বিরুদ্ধে দুইটি মামলা হয়েছে। একটি দুদকের ও অপরটি বিশেষ ক্ষমতা আইনে। মামলা নং ৩১ ও ৩২। তাকে আটকের জন্য চিরুনী অভিযান চলছে।

এমএম/এমকে