রাজধানীর মৎস্যভবনের সামনে ছিনতাইকারীর মাইক্রোবাস চাপায় সজীব (২০) নামে এক মুরগি ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটেছে বলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান।

নিহত সজীবের মামা হজরত আলীর বরাত দিয়ে এসআই বাচ্চু মিয়া জানান, ‘সজীব ও তার মামা হজরত আলী ভ্যান নিয়ে কাপ্তান বাজার যাচ্ছিলেন। মৎস্য ভবন এলাকায় পৌঁছানোর পর একটি মাইক্রোবাস তাদের ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়।

এতে তারা পড়ে গেলে মাইক্রোবাস থেকে তিন-চারজন যুবক নেমে আসে। অস্ত্রের মুখে সজীবের কাছ থেকে ৮ হাজার টাকা কেড়ে নেয়। যাওয়ার সময় মাইক্রোবাস দিয়ে তাদের চাপা দেয় ছিনতাইকারীরা।

পথচারীরা দুইজনকে উদ্ধার করে ঢামেকে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন। সজীবের বাবার নাম রাশিদ, বাড়ি ময়মনসিঙ্গের গৌরীপুর। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসআই মো. বাচ্চু মিয়া।

এমএনজে