ঢাকা ও কলকাতা থেকে নৌপথে যেতে প্রস্তুত এমভি মধুমতি ও আরভি বেঙ্গল গঙ্গা। আজ শুক্রবার পরীক্ষামূলকভাবে ঢাকা-কলকাতা-ঢাকা রুটে চালু হতে যাচ্ছে নৌযান যাত্রীসেবা।

রাত ৯ টায় অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দুইটি ক্রুজ শিপ ‘এমভি মধুমতি’ নারায়গঞ্জের পাগলা বাজার মেরি এন্ডারসন থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করবে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিটিসির উপ মহাব্যবস্থাপক (বানিজ্য ওযাত্রী)শাহ মো: খালেদ নেওয়াজ।

আজ শুক্রবার বিকাল ৫টায় নারায়ণগঞ্জের পাগলায় মেরিএন্ডারসন ভিআইপি ঘাট থেকে যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে বিআইডব্লিউটিসির নিজস্ব অত্যাধুনিক ক্রুজ শিপ এমভি মধুমতি।

অপরদিকে একই সময় কলকাতা থেকে ঢাকার উদ্দেশে যাত্রী নিয়ে ছেড়ে আসবে ভারতের ক্রুজ শিপ মেসার্স আরভি বেঙ্গল গঙ্গা।

বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বিকালে মেরিএন্ডারসন ভিআইপি ঘাটে ক্রুজ শিপ এমভি মধুমতির যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বিশেষ অতিথি থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

গতবছর বাংলাদেশের নৌপরিবহন সচিব আবদুস সামাদ ও ভারতের জাহাজ মন্ত্রণালয়ের সচিব গোপাল কৃষ্ণর মধ্যে স্বাক্ষরিত বাংলাদেশ-ভারত নৌপ্রটোকল চুক্তির আওতায় দুই দেশের সঙ্গে সরাসরি এই যাত্রীবাহী জাহাজ চলাচল করছে।

এজন্য নৌ-রুট নির্ধারণ করা হয়েছে নারায়ণগঞ্জের পাগলা থেকে বরিশাল-মোংলা-সুন্দরবন-আন্টিহারা হয়ে ভারতের হলদিয়া দিয়ে কলকাতা বন্দর। প্রসঙ্গত, বাংলাদেশ-ভারতের মধ্যে বিমান, রেল, পণ্যবাহী শিপ ও বাসের পর আজ চালু হচ্ছে যাত্রীবাহী এই জাহাজ চলাচল।

সূত্র জানায়, ঢাকা-কলকাতা যাত্রীবাহী ক্রুজ শিপে চলাচল করতে দুই দেশের পর্যটকদের জন্য ভাড়া নির্ধারণ করা হয়েছে: দুইজনের ফ্যামিলি স্যুট ১৫ হাজার টাকা, দুইজনের ডিলাক্স শ্রেণি ১০ হাজার টাকা, যাত্রীপ্রতি ইকোনমি চেয়ার ৮ হাজার টাকা, যাত্রীপ্রতি প্রথম শ্রেণি ৫ হাজার টাকা ও যাত্রীপ্রতি সুলভ শ্রেণি ১৫০০ টাকা।

এএস