প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে বৃহস্পতিবার থেকে অনশন করছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রী (১৯)। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী জেলা সদরের বেলগাছী খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের মালয়েশিয়া প্রবাসী নিজাম শেখের বাড়িতে। প্রেমিক জুলহাস শেখ নিজাম শেখের ছেলে। জুলহাস রাজবাড়ী সরকারি কলেজের ডিগ্রির ছাত্র।
বিয়ের দাবিতে অবস্থানরত ছাত্রীর বাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায়।
ওই ছাত্রী জানান, জুলহাসের সঙ্গে দেড় মাস আগে তার চাচাতো ভাই জসিমের বাড়িতে পরিচয় হয়। এর পর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে জুলহাস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। কয়েক দিন আগে বিয়ের জন্য জুলহাসকে বললে জুলহাস তাদের সম্পর্ক অস্বীকার করে। জুলহাসের মোবাইলে অনেক চেষ্টা করেও তাকে না পেয়ে অবশেষে জুলহাসের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন তিনি।
তিনি আরও জানান, জুলহাস তাকে স্ত্রীর মর্যাদা না দেওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন। আর তার যদি কোনো ক্ষতি হয় তাহলে জুলহাস ও তার পরিবারের সদস্যরা দায়ী থাকবেন।
এ বিষয়ে জুলহাসের মা জমিলা বেগম জানান, তিনি এ ব্যাপারে একা কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। দুই পরিবারের অভিভাবকদের মিলে এটার মীমাংসা করতে হবে। কয়েক দিন ধরে তার ছেলে জুলহাসের কোনো খবর নেই বলেও জানান তিনি।
রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনছের আলী জানান, তিনি জুলহাসদের বাড়ি পরিদর্শন করেছেন এবং মেয়েটির সঙ্গে কথা বলে তার খোঁজখবর নিয়েছেন। কিন্তু এ ঘটনায় থানায় মামলা দায়ের না করায় কোনো আইনি প্রক্রিয়ায় যেতে পারছে না পুলিশ। তবে মেয়ের বাবা-মা কুষ্টিয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।
এএইচ





