রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জে একটি বাসা থেকে লিমা আক্তার (৪০) নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে পুলিশ রক্তাক্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নিহতের স্বামী অ্যাডভোকেট রকিবুল ইসলাম। তাকে বাসার ভেতরেই খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কি কারণে ও কিভাবে খুন করা হয়েছে তা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহত লিমার স্বামীর খবরের ভিত্তিতে নিকুঞ্জ-১ এর লেক ড্রাইভ সড়কের ২৪ নম্বর বাড়িতে গিয়ে লাশ উদ্ধার করা হয়। বাসায় ফিরে কলিং বেলে সারা না পেয়ে অ্যাডভোকেট রকিবুল পুলিশে খবর দেন।

খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) কে এম আশরাফ জানান, প্রাথমিক সুরতহাল প্রতিবেদন শেষে রাত ১০টার দিকে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরো জানান, নিহত লিমার স্বামী কয়েকদিন আগে লন্ডন থেকে দেশে এসেছেন। মঙ্গলবার দুপুরের পর তার স্ত্রী লিমাকে রেখে বাইরে বের হন। কাজের ছেলেকে বলে যান, আমার শত্রু রয়েছে দরজা ও বাইরের গেট খোলা রাখিস না। সন্ধ্যার দিকে ফিরে দেখেন লিমা মেঝেতে পড়ে আছেন। এ ঘটনায় তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন কে এম আশরাফ।

এমআর/ইআর