কুষ্টিয়ার দৌলতপুরে তহুরা খাতুন (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের স্বামী আবুল হাশেমকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার শীতলাইপাড়া মাঠের মধ্যে একটি ইটভাটার পাশে থেকে তার লাশ উদ্ধার করা হয়।

তহুরা উপজেলার শীতলাইপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকালে শীতলাইপাড়া মাঠের মধ্যে জনৈক সুলতানের ইটভাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়।

পরে পুলিশ তহুরা খাতুনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের স্বজনরা জানায়, শুক্রবার সন্ধ্যায় তহুরা খাতুন বাড়ি থেকে নিখোঁজ হয়েছিল।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) ইমামুল হক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শারীরিক নির্যাতনের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানাগেছে।

এমকে