ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোববার রাত ও সোমবার সকাল পর্যন্ত চার জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ময়মনসিংহে ২ জন এবং খুলনা ও ফরিদপুরে একজন করে ডেঙ্গু আক্রান্ত রোগীর মৃত্যু হয়। চারজনই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতলে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

ময়মনসিংহ:

রবিবার রাত ও সোমবার সকাল পর্যন্ত ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুই জন মারা যান। এর মধ্যে রাসেল মিয়া (৩২) নামে এক যুবক দিবাগত রাতে মারা যায়। তার বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরটেকি গ্রামে।

তিনি বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ চিকিৎসাধীন ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষ্মী নারায়ণ মজুমদার এ সত্যতা নিশ্চিত করে বলেন, মৃত রাসেল মিয়া বেশ কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ চিকিৎসাধীন ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।

এছাড়া সোমবার সকালে একই হাসপাতালে কেন্দুয়ার আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি মারা যান। তারা কয়েকদিন আগে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

খুলনা:

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান (৪০) নামের এক ডেঙ্গু রোগী মারা গেছেন।

সোমবার সকাল ৭টায় তিনি মারা যান। তিনি পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক ফিজিশিয়ান (আরপি) ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস ডেঙ্গু রোগীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ১৫ আগস্ট মিজানুর রহমান খুমেকের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। মিজানুর রহমানের বাড়ি রূপসা উপজেলার খাজাডাঙ্গা গ্রামে। এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে মোট ৫ জনের মৃত্যু হলো।

ফরিদপুর:

এদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেন (৩৫) নামে মসজিদের এক খাদেমের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

দেলোয়ার হোসেন ফরিদপুর সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গীচর এলাকার শেখ শফিউদ্দিনের ছেলে। তিনি শহরের পূর্বখাবাসপুর মসজিদের খাদেম হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কামদা প্রসাদ সাহা বলেন, দেলোয়ার শেখ গত ১৮ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ মেডিসিন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

জেড