চট্টগ্রাম কাস্টমসের ২৪ জন কর্মকর্তা-কর্মচারী ও আমদানিকারকের বিরুদ্ধে ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাৎ করার অভিযোগে ১৮টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচা দুদকের প্রধান কার্যালয় থেকে মামলাগুলো করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত চট্টগ্রাম জেলা কার্যালয়-২ এর উপসহকারী পরিচালক রিয়াজ উদ্দিন।

তিনি জানান, চট্টগ্রাম কাস্টম হাউসে সীমাহীন দুর্নীতি ও অনিয়ম উদ্ঘাটন হওয়ায় এ মামলাগুলো করা হয়েছে। মামলাগুলোতে কাস্টমস অফিসার, কাস্টমস কমর্চারী ও আমদানিকারক রয়েছেন।

আসামিরা হলেন- শফিউল আলম (অব.রাজস্ব কর্মকর্তা), হুমায়ুর কবির (অব. রাজস্ব কর্মকর্তা), মো. নিজামুল হক (অব. রাজস্ব কর্মকর্তা), সৈয়দ হুমায়ুন আখতার (অব. রাজস্ব কর্মকর্তা), মো. সফিউল আলম (অব. রাজস্ব কর্মকর্তা), মো. কাসিফ ফোরকান (প্রোপাইটর-মেসার্স গ্যাবী ট্রেড ইন্টারন্যাশনাল), মো. হারুন শাহ (স্বত্বাধিকারী এমআর কর্পোরেশন), মো. আবুল হাসনাত সোহাগ, মো. মমিনুল ইসলাম, মির্জা মো. আহসানুজ্জামান, এমএ আলীম, মো. মুসা ভূঁইয়া, মইনুল আলম চৌধুরী, হাজী ফোরকান আহমেদ, মো. সাইফুর রহমান, মো. নুরুল আলম, মো. জহিরুল ইসলাম, মো. রুবেল আহমেদ, মো. আইনুল হক, মো. সাহিদুর রহমান, মো. সাইফুল ইসলাম, ফাহাদ আবেদীন সোহান, জোতিময় সাহা।

জানা গেছে, আসামিরা একে অপরের যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজ দেখিয়ে আমদানি পণ্য খালাস করতেন।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সাম্প্রতিক সময়ে চট্টগ্রাম কাস্টমসে আমদানিকৃত পণ্য খালাসে প্রতারণার আশ্রয় নিয়ে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করার সত্যতা পেয়েছে দুদক। নানা পণ্য আমদানির ২০টি চালানে প্রায় সাড়ে চার কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে ইতোমধ্যে ২০টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক প্রধান কার্যালয়। এ চক্রে রয়েছেন কাস্টমস কর্মকর্তা, আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্সিগুলোর স্বত্বাধিকারীও।

এর আগে ঘুষ লেনদেন ও অর্থ আত্মসাতের অভিযোগে ১৫ কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আদালতের মাধ্যমে এরই মধ্যে নয়জনকে কারাগারেও পাঠানো হয়েছে। সর্বশেষ কাস্টমসের স্টাফ শাখায় দায়িত্বরত রাজস্ব কর্মকর্তা (প্রশাসন) নাজিম উদ্দিনের অফিসকক্ষের আলমিরায় তল্লাশি করে ঘুষের নগদ ছয় লাখ টাকা পায় দুদক। একই সময় রাজস্ব কর্মকর্তা আমজাদ হাজারীর স্ত্রীর নামে ৩ কোটি টাকা অবৈধ সম্পদ থাকায় স্ত্রীসহ তার বিরুদ্ধে দুর্নীতির মামলা করে দুর্নীতি দমন কমিশন।

এসএম