ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের চিলারং দাখিল মাদ্রাসার পার্শ্ববর্তী একটি ধানক্ষেতে অজ্ঞাতপরিচয় (৩৫) এক মহিলার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই ইউনিয়নের ফাড়াবাড়ি নামক স্থানের ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয়ের পাশে অজ্ঞাতপরিচয় (৫৫) ব্যক্তির ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ।
ঠাকুরগাঁও সদর থানার ওসি মেহেদী হাসান জানান, সকাল বেলা স্থানীয় লোকজন ভিন্ন ভিন্ন স্থানে অজ্ঞাতপরিচয় নারী ও পুরুষের ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত নিহত নারী ও পুরুষটির পরিচয় পাওয়া যায়নি।
অপরদিকে জেলা গোয়েন্দা পুলিশ জেলার রানীশংকৈল উপজেলার মহলবাড়ি নামক স্থানের একটি ইটভাটা থেকে গভীর রাতে ১৩ জন জুয়াড়িকে হাতে নাতে কয়েক লাখ টাকা সহ গ্রেফতার করেছে।
ঠাকুরগাঁও পুলিশ সুপার ফয়সল মাহমুদ জানান, জুয়াড়িদের মধ্যে কলেজশিক্ষক, ব্যবসায়ী, সাবেক ইউপি চেয়ারম্যান সহ প্রায় সবাই সম্ভ্রান্ত ঘরের সন্তান। তারা দীর্ঘদিন থেকে ওই এলাকায় জুয়ার আড্ডা বসিয়ে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ তাদের হাতে নাতে গ্রেফতার করে ঠাকুরগাঁও জেলহাজতে প্রেরণ করে।
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





