কুষ্টিয়া সদর উপজেলায় এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নির্বাচনী বিরোধ থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে পরিবারের অভিযোগ।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার আইলচারা গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে।
নিহত ব্যক্তির নাম শাহিনুর রহমান (৩৮)। তাঁর বাড়ি আইলচারা মধ্যপাড়া গ্রামে। বাবা জাহের আলী।
পুলিশ, এলাকাবাসী ও পরিবারের ভাষ্য, গতকাল রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফিরছিলেন শাহিনুর। পথে তাঁর হামলা হয়। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতরভাবে জখম করা হয়। উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহত ব্যক্তির ছোট ভাই শামিম রেজার অভিযোগ, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর ভাই নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী মোতালেব হোসেনের পক্ষে কাজ করেন। এ নিয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের সমর্থক জোয়ারদার পরিবারের লোকজন তাঁর ওপর ক্ষুব্ধ ছিল। এর জের ধরে তাঁর ভাইকে হত্যা করা হতে পারে বলে তাঁদের ধারণা।
ঘটনার বিষয়ে তাৎক্ষণিকভাবে মোতালেব হোসেন, সিদ্দিকুর রহমান ও জোয়ারদার পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন চৌধুরী বলেন, গতকাল রাতে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁর লাশ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এমআর





