নড়াইলের আঙ্গুরী বেগম (৫৫) নামে এক গৃহবধূ রহস্য জনকভাবে খুন হয়েছেন। মঙ্গলবার ( ৩০ অক্টোবর) সকালে কালিয়া উপজেলার চাচুড়ী ইউনিয়নের চাপুলিয়া গ্রামে নিজ বাড়িতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে নির্বিঘ্নেপালিয়ে যায়।
ঘটনাস্থলে অজ্ঞান অবস্থায় পড়ে থাকা নিহতের পুত্রবধূ তানজিলা বেগমকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও হত্যাকান্ডের কোন কারণ জানা যায়নি।
নিহতের স্বামী সবুর খান জানান, ওইদিন সকাল সাড়ে ৭টার দিকে তিনি পার্শ্ববর্তী বারইপাড়া বাজারে যান। বাজার থেকে ফিরে তিনি তানজিলাকে বারান্দায় অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরক্ষনেই ঘরের মেঝেতে তার স্ত্রী আঙ্গুরী বেগমের রক্তাক্ত লাশ দেখতে পান।
কালিয়া থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আঙ্গুরী বেগমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল মর্গে প্রেরণ করে। অপরদিকে তানজিলাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
কালিয়া থানার অফিসার ইনচার্জ শেখ শমশের আলী জানান, এ ঘটনার প্রকৃত কারণ জানা যায়নি। নিহতের পুত্রবধূ তানজিলার জ্ঞান ফিরলে এ হত্যাকান্ডের কারণ ও খুনিদের পরিচয় জানা যেতে পারে। তবে সংঘটিত ঘটনাটির কারণ ও খুনিদের সনাক্তের জন্য পুলিশ তদন্ত শুরু করেছে।
হুমায়ুন কবীর রিন্টু/এসএম





