অবৈধ আওয়ামী সরকারের স্বৈরাচারী আচরণের প্রতিবাদে ২০ দলের ডাকা লাগাতার অবরোধের ৫ম দিন শনিবার রাজধানীর দু’টি স্থানে মিছিল ও পিকেটিং করে সড়ক অবরোধ করেছে ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

সকাল ১০টায় রাজধানীর কাঠেরপুল এলাকায় শাখা সভাপতি খালেদ মাহমুদের নেতৃত্বে ধোলাইখাল থেকে একটি মিছিল শুরু হয়ে নারিন্দা মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সেখানে রাস্তায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে শিবির কর্মীরা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাখার অর্থ সম্পাদক মাহফুজুর রহমান, অফিস সম্পাদক আতিকুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে শাখা সভাপতি খালেদ মাহমুদ বলেন, ‘অবৈধ ফ্যাসিস্ট সরকার জনসমর্থন হারিয়ে এখন উম্মাদের মত আচরণ করছে। ক্ষমতা কুক্ষিগত করতে বিরোধী পক্ষের নেতাকর্মীদের নামে মামলা-হামলা চালানো হচ্ছে।’

অবিলম্বে জামায়াত নেতৃবৃন্দসহ সকল নেতাকর্মীদের মুক্তি না দেয়া হলে সাধারণ ছাত্রদের সাথে নিয়ে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেও লাগাতার অবরোধের ডাক দেয়া হবে বলে হুঁশিয়ার করেন তিনি।

পরে সকাল ১১টায় সেক্রেটারি দাইয়ান সালেহিনের নেতৃত্বে বাংলাবাজারে অবরোধ সমর্থনে মিছিল বের হয়।

সেখানে উপস্থিত ছিলেন শাখার ছাত্র আন্দোলন সম্পাদক মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক শাহিন হাসান প্রধান প্রমুখ।

এসএইচ