খুলনায় ইজতেমাকে কেন্দ্র করে চলছে নানা ধরনের নিরাপত্তার প্রস্তুতি।খুলনা মহানগরীর রূপসায় ইজতেমা সফল করতে খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
সোমবার পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ইজতেমা ময়দান পরিদর্শনের মাধ্যমে নিরাপত্তার সার্বিক চিত্র অনুধাবন করবেন। এছাড়া ইজতেমার সার্বিক চিত্র নিয়ে আজ রোববার খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম বলেন, আগামী ৯ ফেব্রুয়ারী থেকে ১১ফেব্রুয়ারী পর্যন্ত এ ইজতেমা চলবে। তিন দিনব্যাপী ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদানে ইজতেমা ময়দানের চারিদিকে থাকছে সিসি ক্যামেরা, ওয়াচ টাওয়ার, পুলিশের কন্ট্রোল রুম, মেডিকেল টিম এবং বিদ্যুৎ কন্ট্রোল রুম।
এছাড়াও নিরাপত্তার দায়িত্বে পোশাকধারী পুলিশের পাশাপাশি থাকছে সাদা পোশাকের বিপুল সংখ্যক পুলিশ। ইজতেমা শান্তি পূর্ণভাবে সম্পন্ন করতে নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না বলে জানান রাশিদা।
আয়োজক কমিটির শূরা সদস্য কাজী মোঃ তারেক বলেন, ইতোমধ্যে ইজতেমা ময়দানে ৬ লাখ বর্গফুটের প্যান্ডেল তৈরী করা হয়েছে। এখানে দেশের বিভিন্ন স্থান থেকে ৩ লক্ষাধিক মুসল্লীর অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। এ সংখ্যা আখেরী মোনাজাতের দিন আরও বাড়তে পারে। আগামী বৃহস্পতিবার আম বয়ানের মাধ্যমে এ ইজতেমা শুরু হয়ে শনিবার আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে। খুলনায় ইজতেমার এ আয়োজন এটাই প্রথম বলে জানান তিনি।
মামুন / মাহমুদ





