দিনাজপুরের খানসামায় প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধে দুইপক্ষের সংঘর্ষে শরিফুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত শরিফুল ইসলাম উপজেলার দাসপাড়া গ্রামের হাবিল উদ্দিনের ছেলে।

আজ শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খামারপাড়া ইউনিয়নের দাসপাড়ায় এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৪ জনকে আটক করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার দাসপাড়ার শওকত হোসেনের সঙ্গে প্রতিবেশী শফিকুল ইসলামের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে জমি দখলকে কেন্দ্র করে উভর পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই শরিফুল ইসলাম মারা যান।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

এম আর