'আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী নদীর পানি ব্যবহারে বিভিন্ন চুক্তি ও নীতিমালা অনবরত অমান্য করে চলেছে ভারত'- জাতিসংঘ পানি প্রবাহ কনভেনশন বাস্তবায়ন আন্দোলনের নেতারা এমন মন্তব্য করেন। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তিস্তাসহ ভারতের সাথে ৫৪ টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আয়োজিত এক মানববন্ধনে পরিবেশবাদীরা এ মন্তব্য করেন।

মানববন্ধনে জল-জলা ও কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ফরিদুর ইসলাম ফিরোজ বলেন, ‘আন্তর্জাতিক আইন ও রীতি অনুযায়ী নদীর পানি ব্যবহারে বিভিন্ন চুক্তি ও নীতিমালা ভারত অনবরত অমান্য করে চলছে।’

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশের বন্ধুপ্রতীম দেশ। কিন্তু এরপরও ফারাক্কা চুক্তি থাকার পরও যথাযথভাবে পানি না পাওয়ায়, এ বন্ধুত্বের বিশ্বস্ততা প্রশ্নের ঊর্ধ্বে উঠতে পারেনি। বর্তমানে ভারতের নতুন সরকারের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন মাত্রায় পৌঁছেছে।’ 

ফিরোজ বলেন, ‘আমাদের বিশ্বাস বাংলাদেশ সরকার ভারতের সব চাওয়াই পূরণ করছে, সে ক্ষেত্রে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালার আলোকে তিস্তাসহ সকল অভিন্ন নদীতে পানি ব্যবহারের অধিকার ভোগ করবে- এমন চুক্তি করতে বিলম্ব কেন?’

‘আন্তর্জাতিক চুক্তি অমান্য করে ভারত নদীর উপর বিভিন্ন প্রকার ড্যাম, ব্যারেজ ও বিদ্যুৎ প্রকল্প গড়ে তুলছে একতরফাভাবে’এমন অভিযোগ করেন বক্তারা। নদীর উপর এসকল বাধা প্রত্যাহারের দাবিও জানিয়েছেন তারা।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন গ্রীন ভয়েসের আহ্বায়ক মীর বিশ্বাস, তিস্তা নদী রক্ষা সংগ্রাম কমিটির উপদেষ্টা রাজীব হাসান মুন্না, বিজ্ঞান আন্দোলন মঞ্চের আহ্বায়ক রুহুল আমীন।

এমএ