ভোলা সদরে গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে জাকির নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ডিবি পুলিশের দাবি ওই ব্যক্তি মাদকব্যবসায়ী।
মঙ্গলবার ভোরে উপজেলার উত্তর ও দক্ষিণ দিঘলদীর সীমান্তবর্তী বাঘবারা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ডিবি পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।
নিহত জাকির উত্তর দিঘলদী ইউনিয়নের মৃত সাদেক আলীর ছেলে। আহতরা হলেন- জেলা ডিবি পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম, কনস্টেবল শহিদ, জাহিদ, মিরাজ ও মুজায়েদ।
ভোলা ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম জানান, ‘ভোর পৌনে ৪টার দিকে বাঘমারা বাঁধ এলাকার একটি মাছের আড়তে মাদক বিক্রি ও আধিপত্য বিস্তার নিয়ে মাদক বিক্রেতাদের দু’টি গ্রুপ বিরোধে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিবি পুলিশের দু’টি দল সেখানে অভিযানে যায়। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের ওপর গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মাদক বিক্রেতা জাকির নিহত হন। এ সময় সেখানে পড়ে থাকা একটি এলজি, পাঁচ রাউন্ড গুলি, একটি রাম দা ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।’
তিনি আরও জানান, ‘জাকিরের বিরুদ্ধে মাদক, অস্ত্র, বিস্ফোরক ও খুনসহ বিভিন্ন অভিযোগে ১৯টি মামলা রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’





