পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোলায় ভোটকেন্দ্রে জাল ভোটের গুজবে দুই সদস্য প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় নারীসহ প্রায় ৫ জন আহত হয়েছেন।
আজ বুধবার (৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সদর উপজেলার পূর্ব ইলিশা ৪ নং ওয়ার্ডের ১৩ নং মুরাদ ছবুল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আজ বুধবার সকাল থেকেই শীত উপেক্ষা করে ভোটারদের উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছিল। বেলা ১১টার দিকে মোরগ প্রতীকের সদস্য প্রার্থী রফিকুল ইসলামের এজেন্টরা বুথ থেকে বেরিয়ে বলেন, টিউবওয়েল প্রতীকের সদস্য প্রার্থী মালেক মিয়াজীর সমর্থকরা কেন্দ্রে জাল ভোট দিচ্ছেন। এ সংবাদে কেন্দ্রে থাকা দুই সদস্য প্রার্থীর মধ্যে বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে উপস্থিত দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা বুথে ঢোকার চেষ্টা করে কেন্দ্রে ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্র নিয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের নারীসহ প্রায় ৫ জন আহত হয়।
ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার তোফায়েল আহমেদ জানান, কেন্দ্র জাল ভোটের গুজবে দুই সদস্য প্রার্থীর মাঝে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এবিএস





