মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া গ্রামে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। আজ মঙ্গলবার ভোররাত ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, পাথরবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজে ওঠার পর তা ভেঙে খালে পড়ে যায়। পুলিশ ট্রাকটি উদ্ধার কাজে সহায়তা করছে।
সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপবিভাগীয় প্রকৌশলী (কেরানীগঞ্জ) এস বি মো. সৈয়দ আলম জানান, রশুনিয়া গ্রামে কংক্রিটের একটি ব্রিজ নির্মাণ করা হচ্ছে।
বিকল্প হিসেবে ওই ব্রিজের পাশে বেইলি ব্রিজ নির্মাণ করা হয়েছিল হালকা যানবাহন চলাচল করার জন্য।
কিন্তু ধারণ ক্ষমতার অধিক মাল লোড করে ব্রিজটি ওপর দিয়ে যাওয়ায় ভেঙে যায়। শিগগিরই ট্রাকটি উদ্ধার করে বেইলি ব্রিজটি চলাচলের উপযোগী করা হবে।
উপজেলার সব বেইলি ব্রিজ সংস্কার করা হচ্ছে এবং বর্তমানে কাজ চলছে বলে জানান তিনি।
এমএ





