এক্সিম ব্যাংক মানিকগঞ্জ শাখায় শুক্রবার রাতে ডাকাতিকালে দুইজনকে আটক করেছে পুলিশ ।আটকরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার চরমত্ত গ্রামের আবদুল খালেকের ছেলে আরিফ হোসেন (৪২) ও ঢাকার নবাবগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সায়েদ আলীর ছেলে শাহীনুর রহমান (৩৫)।
তবে,দ্রুত পুলিশি অভিযানের কারণে ডাকাতরা টাকা লুট করতে পারেনি বলে ব্যাংকের ব্যবস্থাপক জানিয়েছেন।
মানিগকঞ্জ শাখা ব্যবস্থাপক নুর মোহাম্মদ আনসারী জানান, শহরের শহীদ রফিক সড়কের সোনালী ব্যাংকের নিচ তলায় এই ব্যাংকের শাখা।
রাত ১০.৪৫ মিনিটে সিসি ক্যামেরায় জিপিএস এর মাধ্যমে হেড অফিস জানতে পারে ব্যাংকের ভেতর কয়েকজন লোক প্রবেশ করেছে।
বিষয়টি তাৎক্ষণিকভাবে তার (ব্যবস্থাপকের) মোবাইলে ফোন দিয়ে বিষয়টি জানায় তারা। সঙ্গে সঙ্গে ব্যবস্থাপকও বিষয়টি মানিকগঞ্জ সদর থানার ওসিকে জানান।
পুলিশ তাৎক্ষনিকভাবে ব্যাংকের মূল দরজার তালা খুলে প্রবেশ করলে ডাকাতরা সার্কিট রুমের জানালার গ্রীল ভেঙ্গে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে ওই দুইজনকে আটক করে।
ব্যাংকের ভেতরের অন্তত ১০টি সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলেছে ডাকাতরা। পুলিশ ব্যাংকের ভেতর থেকে ভোল্ট ভাঙ্গার বিভিন্ন ধরণের সরঞ্জাম উদ্ধার করেছে বলেও জানান ব্যবস্থাপক।
ডাকাতদের কার্যক্রম দেখে মনে হয়েছে এরা পেশাদার।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা করা হচ্ছে। কিভাবে ডাকাতরা ব্যাংকে প্রবেশ করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।
এসএইচ





