স্বামীর নির্যাতনে পারভীন (২০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। পঞ্চগড়ের সাতমেরা ইউনিয়নের কাহারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
রোববার দুপুরে লাশ উদ্ধার করে পঞ্চগড় থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পারভীনের স্বামী আব্দুস সালামকে গ্রেফতার করা হয়েছে।
পঞ্চগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, নয় মাস আগে সদর উপজেলার লাঙ্গলগাঁও গ্রামের তরিকুল ইসলামের মেয়ে পারভীনের সঙ্গে একই উপজেলার সাতমেরা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুস সালামের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য সালাম তার স্ত্রীকে নির্যাতন করে আসছে।
শনিবার রাতে একই কারণে সালাম তার স্ত্রীকে নির্যাতন করে। পরে গলাটিপে হত্যার পর বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়।
ভোররাতে সালামের মা ও তার বড় ভাইয়ের স্ত্রী পুকুর থেকে পারভীনের মৃতদেহ উদ্ধার করে। এ সময় পারভীন পুকুরে আত্মহত্যা করেছে বলে সালাম প্রতিবেশীদের জানান।
এ ঘটনায় পারভীনের বাবা তরিকুল ইসলাম বাদী হয়ে আব্দুস সালামসহ তার পরিবারের সাত সদস্যের বিরুদ্ধে পঞ্চগড় থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ঢাকা, ১৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





