মৌলভীবাজার শহরের মুসলিম কোয়ার্টার এলাকায় ফিউচার ব্রাইট স্কুল থেকে এবারের মাধ্যমিক (এসএসসি) পরীক্ষায় ফেল করায় সাদিয়া ইসলাম ডানা (১৮) নামে এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন।

শনিবার ১৪ মে রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সাদিয়ার বাবার নাম নুরুল ইসলাম। তার মামা রাজু মিয়া বলেন, এবার সে এসএসসি পরীক্ষায় গণিত ও ইংরেজিতে ফেল করায় রেজাল্টের পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়ে। খুব কান্নাও করে। রাতে পরিবারের সঙ্গে খাবার খেয়ে তার নিজ রুমে গিয়ে হঠাৎ বিষপান করলে পরিবারের লোকজন বুঝতে পেরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন বলেন, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে, আগেই কিছু মন্তব্য করা ঠিক হবে না।

এমআইএস