নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আব্দুল বারেক (৪৫) এর উপর হামলা চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাতে তার প্রতিদ্বন্দী অপর মেম্বার প্রার্থীর লোকজন এ হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

এসময় তার কাছে থাকা সোয়া এক লাখ টাকাও কেড়ে নেয়া হয় বলে অভিযোগ রয়েছে। আহত আব্দুল বারেক কুশমাইল গ্রামের মৃত আব্দুল বাতেনের ছেলে। বর্তমানে তিনি বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।

আব্দুল বারেকের পরিবার সূত্রে জানা যায়, আব্দুল বারেক ও একই ওয়ার্ডের মৃত রহিমউদ্দিনের ছেলে হাফেজ আলী এবারের ইউপি নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দীতা করার জন্য প্রচারণা চালিয়ে আসছেন। তারা দুজনেই স্থানীয় আওয়ামী লীগের কর্মী।

সম্প্রতি হাফেজ আলী নির্বাচন থেকে সরে যাবার জন্য আব্দুল বারেককে চাপ দিয়ে আসছিলেন। কিন্তু তাতে রাজি না হওয়ায় সোমবার রাত ৮ টার দিকে গরু বিক্রি করে বাড়ি ফেরার পথে হাফেজ আলীর অনুসারীরা রড ও লাঠি দিয়ে বারেকের উপর হামলা চালায়।

এ সময় তার কাছে থাকা গরু বিক্রির সোয়া এক লাখ টাকাও কেড়ে নেয় হামলাকারীরা। পরে খবর পেয়ে স্বজনেরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বিভিন্ন স্থানে মারধরের চিহ্ন রয়েছে। চিকিৎসা চলছে, বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে।
বড়াইগ্রাম থানার ওসি মনিরুল ইসলাম জানান, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

এম আর