চাঁদপুর মেঘনা নদীতে বরিশাল থেকে ৫০০ তরমুজ নিয়ে ছেড়ে আসা একটি ট্রলার ঘূর্ণিস্রোতে পড়ে ডুবে গেছে।
মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মেঘনা মোহনার কাছে পুরান বাজার হরিসভা এলাকায় ট্রলারটি ডুবে যায়।
এ সময় ট্রলারে থাকা ৫ জনের সবাই নিরাপদে তীরে পৌঁছাতে সক্ষম হন।
ট্রলারে থাকা তরমুজের মালিক রসূল খান বলেন, তরমুজ ভর্তি করে সকালে চাঁদপুর শহরের চৌধুরীঘাট আড়তের উদ্দেশে ছেড়ে আসে ট্রলারটি। কিন্তু সন্ধ্যায় স্রোতের তোড়ে কাত হয়ে মেঘনায় ডুবে যায়। এতে সব তরমুজ পানিতে ভেসে যায়।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ ইমরান হোসেন জানান, ট্রলারটি এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। ঘটনাস্থলে এর আগেও ট্রলার ও মালবাহী একাধিক কার্গোডুবি হয়েছে বলে তিনি জানান।
ওএফ





