ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ৩২৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৩২৯ জন। এর মধ্যে ঢাকাতেই ৩০৬ জন এবং ঢাকার বাইরে সারাদেশে রয়েছেন ২৩ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ১ হাজার ১১৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ১ হাজার ৪৮ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ৬৬ জন রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ১ জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৬ হাজার ৬৫০ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৫ হাজার ৫১০ জন রোগী। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে।
এমবি





