কুষ্টিয়ার দৌলতপুরে নয় মাসের অন্তঃসত্বা স্ত্রী লাইলী খাতুনকে হত্যার দায়ে তার স্বামী রোকন ম-লকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।
সোমবার বেলা ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতে বিজ্ঞ বিচারক রেজা মো. আলমগীর হাসান আসামির উপস্থিতিতে এ রায় দেন। রাষ্ট্রপক্ষের পিপি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী মামলার বিবরণে জানান, ২০১১ সালের ২৬ আগস্ট রাতে দৌলতপুর উপজেলার নাজিরপুর গ্রামের হুলি ম-লের ছেলে ভ্যানচালক রোকন ম-ল জুয়া খেলে হেরে গিয়ে বাড়িতে ফিরে আসেন।
এ সময় অন্তঃসত্বা স্ত্রী লাইলী খাতুনের সঙ্গে তার এ নিয়ে বাকবিতণ্ডা হয়। পরে ওইদিন রাত ৯টার দিকে লাইলীকে বাড়ির পার্শ্ববর্তী স্থানে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করে মরদেহ ড্রেনে ফেলে দেন রোকন। দুই দিন পরে ওই ড্রেন থেকে লাইলীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত লাইলীর বাবা লাল চাঁদ থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ রোকনকে গ্রেফতার করে। আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে রোকন স্ত্রী হত্যার কথা স্বীকার করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রোকন মোল্লাকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
এমএ





