সপ্তমবারের মতো পেছাল প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ (অভিযোগ) গঠনের তারিখ। সিলেট সিটি করপোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরী আদালতে হাজির না হওয়ায় মঙ্গলবার এই মামলার চার্জ গঠন করেননি সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মকবুল আহসান।

বিচারক আগামী ২৫ আগস্ট চার্জ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট কিশোর কুমার কর জানান, প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জের পৌর মেয়র জিকে গৌছসহ জেলহাজতে থাকা ১৪ জনের ১৩ জন আদালতে হাজির করা হয়। কিন্তু আরিফুল হক চৌধুরী অসুস্থ থাকায় তিনি আদালতে হাজির হননি।

তিনি আরো জানান, কিবরিয়া হত্যা মামলার ৩২ আসামির মধ্যে আটজন জামিনে, ১৪ জন কারাগারে ও ১০ জন পলাতক রয়েছেন।

প্রসঙ্গত, এর আগে গত ২১, ৬, ১৪ জুন ও ২৩ জুলাই এবং ৩ ও ১০ আগস্ট আলোচিত এই মামলার চার্জ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল।

কিন্তু সকল আসামি আদালতে হাজির করতে না পারায় চার্জ গঠনের তারিখ পিছিয়ে যায়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।

হামলায় নিহত হন কিবরিয়ার ভাতিজা শাহ মনজুরুল হুদা, আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম, আবুল হোসেন ও সিদ্দিক আলী।

এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আবদুল মজিদ খান হত্যা ও বিস্ফোরক আইনে দুটি মামলা দায়ের করেন।

এমকে