বঙ্গোপসাগর থেকে অন্তত ৬০ জন জেলেকে অপহরণ করেছে জলদস্যু বাহিনী। অপহরণের সময় অর্ধশতাধিক ট্রলার থেকে প্রায় ১০ লাখ টাকার ইলিশও লুটে নেয় দস্যুরা। বনবিভাগ ও জেলে সূত্র এ খবর নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের মেহেরআলী চর সংলগ্ন বঙ্গোপসাগরে এ ঘটনা ঘটে।

বাগেরহাটের শরণখোলা উপজেলার উত্তর রাজাপুর গ্রামের মৎস্য ব্যবসায়ী জাকির হোসেন রাত ৮টার দিকে জেলেদের বরাত দিয়ে জানান, উত্তর রাজাপুর এলাকার চারটি ট্রলার থেকে ৪ জন মাঝি অপহরণের খোঁজ পেয়েছেন। তবে তাদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

জেলেরা তাকে জানিয়েছেন, বাগেরহাটের শরণখোলা, মোরেলগঞ্জ, পিরোজপুরের মঠবাড়িয়ার তূষখালীসহ বিভিন্ন এলাকার প্রায় ৫০-৬০টি ট্রলার মেহেরআলী এলাকায় মাছ ধরায় নিয়োজিত ছিল। সন্ধ্যা ৬টার দিকে দারোগা বাহিনীর ২০ থেকে ২৫ জন সশস্ত্র দস্যু জেলেবহরে হানা দিয়ে ট্রলারের মাঝি ও জেলেসহ ৬০ জনকে অপহরণ করে। এ সময় ট্রলারে থাকা ইলিশ মাছও লুটে নেয় দস্যুরা।

জাতীয় মৎস্য সমিতির শরণখোলা উপজেলার শাখার সভাপতি আবুল হোসেন জানান, জেলে অপহরণের সুনির্দিষ্ট কোনও তথ্য তারা পাননি। তবে খোঁজ খবর নিয়ে দেখছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কামাল আহমেদ রাত সাড়ে ৮টায় জানান, অসমর্থিত সূত্রে তিনি জেলে অপহরণের কথা শুনেছেন। এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

ঢাকা, ৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ