ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড এবং শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ময়মনসিংহের একটি আদালত।
অতিরিক্ত প্রথম দায়রা জজ আদালতের বিচারক শারমীন নিগার বুধবার বিকেলে এ রায় প্রদান করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী হলেন— নিহত জ্যোৎস্নারা বেগমের স্বামী মুক্তগাছা মহীষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বকর সিদ্দিক (৫৫)। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন— মহীষতারা গ্রামের সুরুজ আলীর ছেলে ইদ্রিস আলী (৪৫), জাহেদ আলীর ছেলে হোসেন আলী (৬০), বন্দে গোয়ালিয়া গ্রামের ওয়াহেদ আলীর ছেলে ইউনুস আলী (৬০) ও নিহতের শাশুড়ি সুরুজ আলীর স্ত্রী জমিরণ বেগম (৭৫)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০০০ সালের ১৯ ফেব্রুয়ারি পারবারিক কলহের জেরে স্বামী আবু বকর সিদ্দিক ও সঙ্গীয় আসামীরা স্ত্রী জ্যোৎস্নারা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। ওই দিনই নিহতের ভাই জয়নাল আবেদীন বাদী হয়ে মুক্তাগাছা থানায় মামলা দায়ের করেন।
জেআই





