যশোরের বেনাপোলে গাড়ি চোরচক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ৮টার দিকে বেনাপোলের বাইপাস সড়ক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মুন্সীগঞ্জ সদরের গুহেরকান্দি গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বাবুল (৩৮) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন রঘুনাথপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইয়াসিন বাবু (৪৫)।

র‌্যাব জানায়, আটকদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় গাড়ি চুরির একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর র‌্যাব-৬ এর সদস্যরা বেনাপোল বাইপাস সড়ক থেকে দুই জনকে আটক করে। পরে, তাদের বেনাপোল থানায় সোপর্দ করে র‌্যাব।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বুধবার সকালে আটকের বিষয়টি নিশ্চিত করে প্রতিবেদককে জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

এসএইচ