৫ মণ ইলিশ, ২৮ মণ জাটকা ও ৪ লাখ মিটার কারেন্টজাল আটক করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার রাতে কোস্টগার্ডের টহল দল বিভিন্ন লঞ্চে অভিযান চালিয়ে এগুলো আটক করে।

স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১১টা থেকে রাত ৪টা পর্যন্ত চাঁদপুর মেঘনা নদীর মোহনায় অভিযান চালিয়ে যাত্রীবাহী লঞ্চ এমভি ‘প্রিন্স আব রাসেল-৪’, ‘এমভি শরীয়তপুর-৩’ ও ‘এমভি জাহিদ-৩’ থেকে ১১শ কেজি (প্রায় ২৮ মণ) জাটকা আটক করা হয়। এছাড়া, ‘আল্লাহর মর্জি’ লঞ্চ থেকে ৪ লাখ মিটার কারেন্টজাল ও ‘শ্রীনগর-২’ লঞ্চ থেকে ২শ ১০ কেজি (প্রায় ৫ মণ) ইলিশ আটক করা হয়।

আটক ইলিশ ও জাটকা মাছ মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এতিমখানা ও গরিব অসহায় মানুষদের মধ্যে বিতরণ করা হয়। পরে আটক কারেন্টজাল পুড়িয়ে বিনষ্ট করা হয়।

চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট এম হাসানুর রহমান জানান, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা নয় সর্বস্তরের জনসাধারণের সচেতনতা ও সহযোগিতাই পারবে বাংলাদেশে ইলিশের সোনালি অতীত ফিরিয়ে আনতে। আগামীতেও কোস্টগার্ড এমন অভিযান অব্যাহত রাখবে।

জেআই