সিরিয়া, লেবানন, জর্ডান, সৌদি-আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে নারীদের চাকরি দেয়ার নামে পাচার বন্ধ, পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিত নারীদের পুনর্বাসন করার দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।
সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘চাকরি দেয়ার নামে বাংলাদেশ থেকে নারীদের সিরিয়া নিয়ে বিক্রি করে দেয়া হচ্ছে যৌনদাসী ও গৃহকর্মী হিসেবে। সম্প্রতি সিরিয়া থেকে ফেরা ৩ ভুক্তভোগী নারীর ভাষ্য থেকে জানা গেছে, যুদ্ধকবলিত সিরিয়ার বিভিন্ন শহরে অন্তত কয়েকশ’ বাংলাদেশি নারীকে যৌনকর্মী হিসেবে বিক্রি করে দেয়া হয়েছে এবং তারা সেখানে অমানবিক ও অমর্যাদাকর জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে।’
যৌনকর্মী হিসেবে বিক্রি হওয়া নারীর সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম নেতৃবৃন্দরা বলেন, ‘চাকরি দেয়ার নামে এসব প্রতারণাকারী ও পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নির্যাতিত নারীদের পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রওশন আরা রুশোর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা সামসুন্নাহার জ্যোৎস্না, সাধারণ সম্পাদক প্রকৌশলী শম্পা বসু, সংগঠনের ঢাকা নগর কমিটির সদস্য রুখসানা আফরোজ প্রমুখ।
এমএ





