৯০ কার্যদিবসের মধ্যেইি এসিড নিক্ষেপ মামলার বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছে সারভাইভরস্ ফাউন্ডেশন।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ তথ্য জানানো হয়। কিশোরগঞ্জের রিপা রানী পণ্ডিতকে জোরপূর্বক এসিড পানে বাধ্য করার ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
সংস্থাটির তথ্যমতে, ১৯৯৯ সাল থেকে ২০১৫ সালের জুলাই পর্যন্ত ৩ হাজার ২৭০টি ঘটনায় ৩ হাজার ৬২৫ ব্যক্তি অ্যাসিড আক্রান্ত হয়েছে। এর মধ্যে নারী ১ হাজার ৮৪৭ জন, পুরুষ ৯০১ জন এবং শিশু ৮৭৭ জন।
এসিড সারভাইভার্স ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই সংঘটিত ৮টি এসিড সহিংসতায় ৯ জন মারাত্মকভাবে আক্রান্ত হয়েছে।
এর মধ্যে সিরাজগঞ্জে শ্যামলী (২৫), লালবানু (৩০), আলমগীর (৩৫), যশোরের স্কুল ছাত্রী সুমাইয়া (১৩), বগুড়ার আব্দুল হামিদ (৫০), গাজীপুরের সুমতি রানী দাস (৩৫), কুমিল্লার পরিমল চক্রবর্তী (৪০), এবং বিষুপ্রিয়া চক্রবর্তী (৩৫) এসিড সহিংতার শিকার হন।
মানববন্ধনে বক্তারা জানান, গত ২৬ জুলাই কিশোরগঞ্জের কাটিয়াদিতে রিপা রানী পণ্ডিত তার স্বামীর বাড়িতে এসিড সহিংসতার শিকার হন। তার স্বামীর ইন্ধনে শ্বশুর-শাশুড়ি তার মুখে জোরপূর্বক এসিড ঢেলে দেয় এবং এসিড পানে বাধ্য করে।
রিপার প্রতি এসিড সহিংসতার যথাযথ তদন্ত সাপেক্ষে ন্যায়বিচারের দাবি জানিয়ে বক্তারা বলেন, এসিড অপরাধ দমন আইনে নির্ধারিত ৯০ কার্যদিবসের মধ্যেই এই মামলার বিচার সম্পন্ন করতে হবে।
এসিড মামলার অভিযুক্ত আসামিরা যেন কোনোভাবেই জামিনে বের হতে না পারে সে জন্য যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণেরও সরকারের প্রতি আহব্বান জানান বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের নির্বাহী পরিচালক সেলিনা আহমেদ, ম্যানেজার মৌসুমি শারমিন, বোর্ড মেম্বার এ কে এম মাসুদ আহমেদ, সংগঠনের সমন্বয়কারী এ কে আজাদ প্রমুখ।
এমএ/এমকে





