বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেজ হ্যাকিং করায় রাব্বি ইসলাম নামে এক স্কুলছাত্রকে আটক করা হয়েছে। শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল নাটোরের গুরুদাসপুরে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ জানায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেইজ হ্যাকিং করে হুমকি প্রদর্শন করে রাব্বি ইসলাম (১৬)। পরে শুক্রবার দুপুরে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

রাব্বি ইসলাম গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় পুরাতন পাড়া এলাকার আনিসুর রহমানের ছেলে ও চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজের ১০ম শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ছাত্র।

আটক স্কুলছাত্র জানায়, সে নিজে নিজেই যেকোন ফেসবুক হ্যাকিং করা শিখেছে এবং এটাই প্রথম কোন প্রতিষ্ঠানের পেইজ হ্যাকিং করার ঘটনা। প্রথম ঘটনাতেই পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়েছে। তবে আটক স্কুলছাত্র রাব্বি বাংলাদেশ টুরিস্ট পুলিশের ফেসবুক পেইজ হ্যাকিং করে কি হুমকি দিয়েছে তা জানা যায়নি।

গুরুদাসপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহিম জানান, এ ব্যাপারে বাংলাদেশ টুরিস্ট পুলিশের পক্ষ থেকে গুরুদাসপুর থানায় তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে।

এএস/ এআর