মৌলভীবাজার সদরের ছয় নম্বর ওয়ার্ডের বড়হাট এলাকার জঙ্গি আস্তানায় অভিযান ‘অপারেশন মেক্সিমাস’চালাচ্ছে সোয়াট সদস্যরা। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে সেখানে গুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর আগে সকাল পৌনে ৮টার দিকে সোয়াট সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে।

সিলেটে রেঞ্জের ডিআইজি কামরুল আহসান জানান, জঙ্গি আস্তানায় সকাল ৯টা ৫২ মিনিটের দিকে ‘অপারেশন মেক্সিমাস’শুরু হয়েছে।

এদিকে বড়হাট জঙ্গি আস্তানায় সোয়াটের অভিযানকে কেন্দ্র করে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের দু’পাশে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। সড়কে চেকপোস্ট বসিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে। সরিয়ে দেওয়া হচ্ছে উৎসুক জনতাকে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মো. শাহজালাল এসব কাজ তদারকি করছেন।

তিনি জানিয়েছেন, পুলিশ যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সিলেটে আতিয়া মহলে বিস্ফোরণের অভিজ্ঞতার আলোকে সার্বিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে তারা মৌলভীবাজার শহরের বড়হাট আবুশাহ দাখিল মাদ্রাসা গলিতে দোতলা বাড়িটি জঙ্গি আস্তানা হিসেবে শনাক্ত করে ঘিরে রাখেন। ওই বাড়ি ঘিরে রাখার পরে সেখানকার তত্ত্বাবধায়কের কাছ থেকে তথ্য নিয়ে বুধবার ভোরে শহর থেকে ২০ কিলোমিটার দূরে নাসিরপুর গ্রামের জঙ্গি আস্তানাটি শনাক্ত করা হয়। তার ৩৪ ঘণ্টা পর বৃহস্পতিবার ‘অপারেশন হিট ব্যাক’-এ নাসিরপুরের জঙ্গি আস্তানা থেকে ছিন্নভিন্ন সাত জনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এমই