বে-সরকারি টেলিভিশন চ্যানেল আই এর জনপ্রিয় অনুষ্ঠান উপস্থাপক মাওলানা শাইখ নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পঞ্চগড় ঈমান আক্বিদা রক্ষা কমিটি।
শুক্রবার জুম্মার নামাজ শেষে পঞ্চগড় শেরে বাংলা পার্ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা পঞ্চগড়ের কৃতি সন্তান ফারুকীর হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানায়।
এ সময় বক্তব্য রাখেন ঈমান আক্বিদা রক্ষা কমিটির সভাপতি আলহাজ্ব মাওলানা আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আবদুল্লাহ, আলহাজ্ব মুফতি আনম আব্দুল করিম, পঞ্চগড় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিরুল ইসলাম। প্রতিবাদ সমাবেশে কমিটি থেকে আগামী রবিবার নিজ নিজ কাজে অর্ধদিবস কর্মবিরতীর পালনের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য শনিবার সকাল ১১ টায় মাওলানা ফারুকীর গ্রামের বাড়ি পঞ্চগড় বড়শশীতে মরহুমের জানাজা ও দাফন সম্পন্ন হবে জানা যায়।
ঢাকা, জেইউ, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম//এসএইচ





