চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের সাদিপুর ইউনিয়নের একটি কেন্দ্র দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
শনিবার (৩০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে বরাব সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি দখলের চেষ্টা হয়। এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটক দুই যুবক হলো—কাঁচপুর ইউনিয়নের আমির হোসেনের ছেলে সুমন (২১) ও জামানের ছেলে খোকন (২০)। তাদের সঙ্গে থাকা মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সাজ্জাদ রোমান জানান, নির্বাচনি কেন্দ্র দখলের চেষ্টার সময় মোটরসাইকেলসহ দুজনকে আটক করা হয়েছে। তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এক প্রার্থীর পক্ষে কেন্দ্র দখলের চেষ্টা করছিল। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
জেড





