মেহেরপুরের গাংনী উপজেলায় তিনজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল আমিন এ দণ্ডাদেশ দেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হচ্ছেন- উপজেলার করমদি গ্রামের ডা. ইকাব আলীর ছেলে মজিবর রহমান (৩০), দেবীপুর গ্রামের ইন্তাজুলের ছেলে সুজন (২২) ও একই গ্রামের রঞ্জিত আলীর ছেলে সেলিম (১৮)। তাদের মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) আকরাম হোসেন জানান, করমদি গ্রামের মজিবর রহমান তার মেয়ে দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী চায়না খাতুনের সঙ্গে তেরাইল গ্রামের জনৈক মোমিনের বিয়ের আয়োজন করেন। সংবাদ পেয়ে ইউএনও আবুল আমিন ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ সালের (সংশোধনী ১৯৮৪ সালের) ৬ ধারা অনুযায়ী মজিবর রহমানকে দোষি সাব্যস্ত করে ১৫ দিনের কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের সহযোগিতা করেন পলাশপিড়া সমাজ কল্যাণ সমিতির ডিপিডি নারগিস পারভীন মুক্তি, ইউসি গোলাম কিবরিয়া ও আব্দুল ওহাব।

অপরদিকে, দেবীপুর গ্রামের সুজন ও একই গ্রামের সেলিম সোমবার সন্ধ্যায় গ্রামের বাজারে জুয়া খেলছিল। এ সময় পুলিশের একটি দল তাদের আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে। আদালত প্রকাশ্য জুয়া আইনের ১৮৬৭ এর ৪ ধারা মোতাবেক উভয়কে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

কেএইচ