বকশীগঞ্জে জমির সীমানা নিয়ে বিরোধের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষে নারীসহ ১৪ জন আহত হয়েছেন।এদের মধ্যে গুরুতর অবস্থায় চার জনকে বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বকশীগঞ্জের ফকিরপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার মেরুরচর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের নূর ইসলামের সঙ্গে জমির সীমানা নিয়ে একই গ্রামের মহিজল হকের বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে বিষয়টি মিমাংসা করার জন্য ইউপি সদস্য মনোয়ার হোসেনের নেতৃত্বে সালিশ বসে।
সালিশ শেষে সবাই বিরোধপূর্ণ জমির সীমানা দেখতে যান। এসময় তাদের উপস্থিতিতে মহিজল গ্রুপের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে নূর ইসলাম গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। এতে নারীসহ উভয়পক্ষের অন্তত ১৪ জন আহত হন।
আহতদের মধ্যে গুরুতর অবস্থায় নূর ইসলাম (৫৫), ইয়াদা বেগম (৪০), নাজমুল (২০), রিপনকে (১৮) বকশীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে।
জেআই





