ময়মনসিংহের গফরগাঁওয়ে এক গৃহবধূর গলা ও হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালিয়েছে মাসুদ (২২) নামে এক যুবক। এরপর নিজেই থানায় গিয়ে হত্যাচেষ্টার বিষয়টি পুলিশকে জানিয়েছে মাসুম।
পরে পুলিশ গৃহবধূ তাহমিনা আক্তার রিপা(৩০) কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে পৌর শহরের কোর্টভবন সংলগ্ন তফাজ্জল হোসেনের বাসায় প্রবেশ করে একই এলাকার মাসুদ টেইলার্সের মালিক মাসুদ। বাসায় এসময় তফাজ্জল হোসেনের স্ত্রী দুই সন্তানের জননী তাহমিনা আক্তার রিপা ছাড়া কেউ ছিলো না। মাসুদ তাকে একা পেয়ে ধারালো ছুরি দিয়ে রিপার গলা কেটে ও ডানহাতের রগ কেটে হত্যাচেষ্টা চালায়। পরে পৌনে ২টার দিকে মাসুদ রক্তাক্ত ছুরিসহ থানায় হাজির হয়ে রিপাকে হত্যাচেষ্টার কথা জানিয়ে আত্মসমর্পণ করে।
থানার এসআই নূর শাহীনের নেতৃত্বে থানা পুলিশ রিপাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রিপাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
রিপার পিতা আবদুর রহমান (৬০) জানান, খালি বাসায় একা পেয়ে তার মেয়েকে ধর্ষণ করতে চেয়েছিলো মাসুদ। কিন্তু না পেরে গলা কেটে ও হাতের রগ কেটে হত্যার চেষ্টা চালায়।
গফরগাঁও থানার ওসি অনুকূল সরকার বলেন, মাসুদ দুপুর পৌনে ২টার দিকে রক্তাক্ত জামা কাপড় পরা অবস্থায়রক্তাক্ত ছুরিসহ থানায় উপস্থিত হয়। গৃহবধূ রিপার হাতের রগ ও গলাকাটার কথা জানায়। পুলিশ রিপাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মাসুদকে আটক করা হয়েছে।
এমবি





