নারী কর্মীদের জন্য কর্মক্ষেত্রের পাশাপশি ঘরেও বিনোদন, বিশ্রামসহ সব সুবিধা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন মানবাধিকার নেত্রী সুলতানা কামাল।

শনিবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, “কর্মক্ষেত্রে নারীদের জন্য আমরা যেসব সুবিধা চাই, গৃহেও তাদের জন্য বিশ্রাম-বিনোদন সব লাগবে। এদিকে নজর দিতে হবে। পারিবারিক জীবনধারা পাল্টাতে হবে।”

নারী শ্রমিকদের দ্বিগুণ বোঝা বহন করতে হয় মন্তব্য করে আইন ও সালিশ কেন্দ্রের প্রধান নির্বাহী সুলতানা বলেন, “নারীকে কারখানায় গিয়ে কাজ করতে হয়, আর বাড়িতে সব ধরনের কাজ করতে হয়। শুধু বাইরে কাজের সুযোগ করে দিয়ে নয়, গৃহেও সব সুবিধা দিতে হবে।”

‘জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র ও আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’‘নারী শ্রমিক সম্মেলনে’ ১৮৫৭ সালেও সমান মজুরির দাবি ছিল উল্লেখ করে তিনি বলেন,“এখন ২০১৬ সালে এসেও আমরা সেই স্লোগান দিচ্ছি। আমাদের সমাজে লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন রয়েছে। যেখানে মনে করা হয়, ঘরের সব কাজ করবে নারীরা। “

‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের’ চেয়ারপারসন সুলতানা এসময় ‘কিছু কাজকে নারীর জন্য বিপজ্জনক বলার কারণও জানতে চান।

“বলা হয় কিছু কিছু কাজ নারীর জন্য বিপজ্জনক। কাজ বিপজ্জনক কেন? কাদের ভয়ে? আমাকে কি বাঘে ধরবে, না সাপে কামড়াবে?

“যারা বলছে বিপজ্জনক, তারা পুরুষ। এটা তাদের জন্য বিপজ্জনক। কারণ নারী বাইরে গেলে ঘরের কাজ কে করবে। আবার যেহেতু নারী আয় করছে, তাই তাকে বাইরেও কাজ করতে হবে।”

অনুষ্ঠানে শ্রম সচিব মিকাইল শিপার আক্ষেপ প্রকাশ করে বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার সবাই নারী। কিন্তু তারপরও আমাদের নারীরা সমঅধিকার পাচ্ছেন না। “

কোনো কারখানা মাতৃত্বকালীন ছুটি না দিলে কারখানার মালিককে কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব সরকারের জানিয়ে তিনি বলেন, “যদি কোনো রপ্তানিমুখী কারখানা আপনাদের পরিচয়পত্র না দিয়ে কাজ করায় তবে আমাদের জানান। ব্যবস্থা নেওয়ার দায়িত্ব সরকারের।”

এসময় নারী কর্মীদের ‘শ্রমিক কল্যাণ তহবিল’ সম্পর্কে সজাগ থাকার আহ্বান জানান শ্রম সচিব।

মোহাম্মদপুরের সিবিসিব সেন্টারে ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারী শ্রমিক হোমায়রা বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটের ন্যাশনাল কো-অর্ডিনেটর জিনাত আরা হক, দাতা সংস্থা অক্সফামের প্রোগ্রাম ডিরেক্টর এম বি আখতার এবং জাতীয় ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান।

এফএফ