রাজধানীর শাহবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও প্রাইভেটকারসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ।

গ্রেফতারকৃতরা হলেন সৈয়দ আলম, মো. মাসুদ রানা, মো. কিবুল আলম সবুজ ও মো. সেকান্দর।

সোমবার রাত পৌনে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে গোয়েন্দা ও অপরাধ তথ্য বিভাগের যুগ্ম কমিশনার মো. মনিরুল ইসলাম নির্দেশনা দেন।

উপ-পুলিশ কমিশনার (পূর্ব), মাহবুবুল আলম, এডিসি খন্দকার নুরুন্নবীর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারীর নেতৃত্বে এ অভিযানটি পরিচালিত হয়।

সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শাহ নূর আলম পাটওয়ারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা শহরে ইয়াবা খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এমকে