রবিবার সন্ধ্যার পর রাজধানীর কমলাপুরে বাসের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর এবং শ্যামপুর এলাকায় রিকশা চাপায় মেহেদি হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, কমলাপুরের কবি জসিমউদ্দিন রোড মোড়ে একটি যাত্রীবাহী বাস অজ্ঞাতপরিচয় ওই নারীকে ধাক্কা দিলে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অন্যদিকে রাজধানীর শ্যামপুর এলাকায় রবিবার সকালে রিকশা চাপায় আহত শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মেহেদি শ্যামপুর বউবাজার এলাকার মৃত. মো. রফিকের ছেলে।

তবে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় মেহেদি হাসান (৬) নামে এক শিশুর মৃত্যু অভিযোগ করেছে স্বজনরা।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়লান আবেদিন জানান, সকালে বউবাজার এলাকায় রিকশার নিচে চাপা পড়ে মেহেদি। এ সময় স্থানীয়রা জুরাইনের সাউথইস্ট মডেল হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৭টায় তার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, হাসপাতালে শিশুটিকে সেলাই দেওয়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। স্বজনরা ও এলাকাবাসী ভুল চিকিৎসার অভিযোগ এনে হাসপাতালে ইট-পাটকেল নিক্ষেপ করেছে।

এমই