একটি কালো জিপ গাড়ি অপেক্ষারত ছিল চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন মাঠে। লাশ বহনকারী খাটিয়া মাঠে প্রবেশের সঙ্গে সঙ্গেই সবার মনোযোগ চলে যায় সেদিকে।

খাটিয়াটি বহন করছিল সদ্য পদন্নোতিপ্রাপ্ত পুলিশ সুপার ও সিএমপির আলোচিত পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতুর লাশ। এরপর জানাজায় অংশ নিতে মাঠে জড়ো হতে শুরু করেন বাবুল আক্তারের সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর কালো জিপ গাড়ি থেকে দুজনের কাঁধে ভর দিয়ে নামেন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তার। এ সময় সৃষ্টি হয় এক হৃদয়বিদারক পরিস্থিতির। স্ত্রী বিচ্ছেদের শোকে ভেঙে পড়া এই পুলিশ কর্মকর্তার কান্নায় ভারি হতে থাকে পরিবেশ। উপস্থিত সবাই আবেগাপ্লুত হয়ে পড়েন।

স্ত্রী হারানোর বেদনায় শোকার্ত বাবুল আক্তার মানসিক ও শারীরিকভাবে ভেঙে পড়ায় তার পক্ষে উপস্থিত সবার উদ্দেশে জানাজার পূর্ব মুহূর্তে কথা বলেন সিএমপি কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, বাবুল আক্তারের স্ত্রী অত্যন্ত সহজ-সরল ও ধার্মিক ছিলেন। তারপরও যদি আপনারা কেউ তার কোনো কথাবার্তায় অথবা আচরণে কোনো কষ্ট পেয়ে থাকেন তবে নিজগুণে ক্ষমা করে দেবেন।

দামপাড়া পুলিশ লাইন মসজিদের খতিব জানাজা পড়ান। এতে অংশ নেন নগর আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন, সরকার দলীয় সাংসদ এম এ লতিফ, জাতীয় পার্টি নেতা ও সাংসদ জিয়াউদ্দিন বাবলু, আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, কাউন্সিলর হাসান মুরাদসহ স্থানীয় রাজনৈতিক নেতা এবং প্রশাসন ও পুলিশের কর্মকর্তারা।

এসএম