চুয়াডাঙ্গার আতঙ্ক একসময়ের একাধিক হত্যা মামলার পলাতক আসামি এবং নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল জনযুদ্ধ) আঞ্চলিক নেতা টোকন ওরফে কায়ার টোকনকে (৩৫) সন্ত্রাসীরা জবাই করে হত্যা করেছে।

বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে।

নিহত সন্ত্রাসী টোকন দামুড়হুদা উপজেলার রামনগর কলাবাড়ি গ্রামের মৃত পোড়া মুসলিম উদ্দীনের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল আলমডাঙ্গা উপজেলার বটিয়াপাড়া গ্রামের তিন রাস্তার মোড়ের একটি বটগাছের নিচ থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, নিহত টোকন চরমপন্থি সংগঠন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (এমএল জনযুদ্ধ) শীর্ষ নেতা। তার বিরুদ্ধে দামুড়হুদা থানায় হত্যা, চাঁদাবাজিসহ অসংখ্য মামলা রয়েছে।

চরমপন্থি সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে।

বুধবার রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি চুয়াডাঙ্গার স্থানীয় পত্রিকায় ফোন করে নিজেকে পূর্ববাংলার কমিউনিস্ট পার্টি (এমএল লাল পতাকা) নেতা পরিচয় দিয়ে এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

তিনি বলেন, টোকন দীর্ঘদিন ধরে দামুড়হুদা থানা এলাকায় চাঁদাবাজি, হত্যা ও রাহাজানি করে সাধারণ শ্রমজীবী মানুষকে অতিষ্ঠ করে তুলেছিলেন। এ জন্য পার্টির সিদ্ধান্ত অনুযায়ী তাকে খতম করে পার্টির গেরিলারা সাধারণ মানুষের মাঝে মিশে গেছে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই