ময়মনসিংহের গৌরীপুরে যাত্রীবাহী বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। এতে আরও তিনজন আহত হয়েছেন।

আজ (২৯ জানুয়ারি) বুধবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গৌরীপুর উপজেলার চরশ্রীরামপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- অটোরিকশাচালক ময়মনসিংহের সুতিরপাড় এলাকার রফিকুল ইসলাম (৪৫), গৌরীপুর উপজেলার উজান কাশিয়ারচরের সাহেরা খাতুন (৪০) রাবিয়া খাতুন (৬৫) ও লাল মিয়া (৫০)।

আহতরা হলেন- লাল মিয়া (৫০), শিউলী আক্তার (২৫) ও জুলেখা আক্তার (৪০)। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইটভাটার মাটিবহনকারী দুটি ট্রলি রাস্তার বাম পাশ দিয়ে প্রতিযোগিতা করে ময়মনসিংহের দিকে যাচ্ছিলো। এতে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস এমকে সুপারের লামিয়া এন্ড সাদ পরিবহনের একটি বাস ময়মনসিংহগামী অপর অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া পর আরও তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। এতে রাস্তার দু’পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. জয়নাল আবেদিন জানান, হাসপাতালে নেয়ার পর রফিকুল ইসলাম, সাহেরা খাতুন ও রাবিয়া খাতুন মারা যান। আরও তিনজনের অবস্থা আশংকাজনক।

এমবি